রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ এপ্রিল ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
শেয়ার

এলপিজির দাম আরও ২১২ টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডার ১,৯৪০ টাকা


LPG Gas

ফাইল ছবি

চলতি মাসে দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৭২৮ টাকা।

রোববার বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রক কমিশন (বিইআরসি) এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে চলতি এপ্রিলের শুরুতেই এক দফা বড় মূল্যবৃদ্ধি হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় আরও ২১২ টাকা বাড়ায় এক মাসের ব্যবধানে মোট দাম বেড়েছে ৫৯৯ টাকা, যা সাম্প্রতিক সময়ে বড় ধরনের বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

নতুন নির্ধারিত দরে প্রতি কেজি এলপিজির মূল্য হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই অনুপাতে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে।

দাম বাড়ার কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কথা বলেছে বিইআরসি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে এলপিজি পরিবহন ব্যাহত হচ্ছে। বিকল্প পথে সরবরাহ, বাড়তি সময়, বীমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধির কারণে আমদানি খরচ বেড়েছে বলে জানানো হয়।

তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ডিলার পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য রয়েছে ৭৯৬ টাকা ৫০ পয়সা। যদিও সীমিত সরবরাহের কারণে অধিকাংশ ভোক্তাকে বেসরকারি বাজারের ওপরই নির্ভর করতে হচ্ছে।

এদিকে বারবার দাম বাড়ায় শহরাঞ্চলের অনেক পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, রান্নার গ্যাসের খরচ এখন মাসিক ব্যয়ের বড় অংশ দখল করে নিচ্ছে।