
দেশের আটটি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রায় ৩০০ শিক্ষার্থী জাতীয় পর্বে অংশ নেন
দেশের আটটি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রায় ৩০০ শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (বিডিওএএ) ২০২৬-এর জাতীয় পর্ব। রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, তরুণদের জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়ানো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য। দিনব্যাপী আয়োজনে ছিল লিখিত পরীক্ষা, বৈজ্ঞানিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক ম. তামিম। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক এম. আরশাদ মোমেন, ড. হাবিব বিন মুজাফ্ফর, ড. রিফাত আরা রৌফসহ বিশ্ববিদ্যালয় এবং সিএএসএসএ-এর শিক্ষক ও গবেষকরা।

দিনটির অন্যতম আকর্ষণ ছিল ‘অ্যাস্ট্রোনমি নাইট পাবলিক টক’। এতে অ্যাস্ট্রোফিজিসিস্ট ড. সৈয়দ আশরাফ উদ্দিন “হাউ ফাস্ট দ্য ইউনিভার্স এক্সাপন্ডিং” শীর্ষক একটি উন্মুক্ত বক্তৃতা দেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিনিয়র, জুনিয়র, ওপেন ক্যাটাগরি এবং পোস্টার প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইওএএ)-এ অংশগ্রহণের সুযোগ পাবে।
আয়োজনে আরও ছিল দূরবীন-এর আয়োজনে “এস্ট্রোনমি নাইট ফোরটিন”-এর ডিজিটাল ও অপটিক্যাল স্টারগেজিং সেশন। এতে অংশগ্রহণকারীরা সরাসরি রাতের আকাশ পর্যবেক্ষণের অভিজ্ঞতা অর্জন করেন।
আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল বাংলা টেলিগ্রাফ।












































