শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শেয়ার

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী


Bobi Hazzaz

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য পুরোপুরি নির্মূল করতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ডেমরা এলাকায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কোচিং নির্ভরতা কমিয়ে আনা এবং শ্রেণিকক্ষের পাঠদানকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

পরিদর্শনকালে দেশের বিভিন্ন প্রান্তে থাকা জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে উদ্বেগের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেক স্কুলের ভবন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে যা শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ ব্যাহত করছে। এসব স্কুল চিহ্নিত করে সেগুলোর সংস্কার ও আধুনিকায়নের জন্য একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার কাজ খুব দ্রুতই শুরু হবে। বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা তদারকি করতেই তিনি সরাসরি কেন্দ্র পরিদর্শনে এসেছেন বলে জানান।

পরিদর্শনকালে হলের ভেতর অতিরিক্ত মানুষের উপস্থিতিতে পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দাবি করেন, অত্যন্ত সীমিত লোকবল তার সঙ্গে ছিল এবং এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি।

তিনি আরও যোগ করেন, বৃত্তি পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সরকার সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় দেওয়া হবে না।