সোমবার । এপ্রিল ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

কার্টুন শেয়ার করায় গ্রেপ্তার নিয়ে সংসদে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ


Hasnat-Abdullah

কার্টুন শেয়ার করার ঘটনায় গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি আইনের প্রয়োগ, বিচারপ্রক্রিয়া ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সময়েও কার্টুন শেয়ার করার কারণে কাউকে গ্রেপ্তার করা গ্রহণযোগ্য নয় এবং এটি উদ্বেগজনক।

তিনি অভিযোগ করেন, ভুল আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি জামিনযোগ্য হলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। এ ধরনের ঘটনা বিচারব্যবস্থা ও নাগরিক অধিকারের বিষয়ে প্রশ্ন তৈরি করছে বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

হাসনাত আবদুল্লাহ বলেন, মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে জনগণের প্রতিনিধিদের কথা বলার সুযোগ সংকুচিত হয়ে পড়বে। তিনি প্রশ্ন রেখে বলেন, “সংসদে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনতে না পারলে আমরা কোথায় গিয়ে কথা বলব?”

এ সময় তিনি আরও অভিযোগ করেন, তারকাচিহ্নিত প্রশ্ন করার সুযোগ না পাওয়ায় সংসদ সদস্য হিসেবে নিজেদের অধিকারও খর্ব হচ্ছে।