
প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আজ সোমবার তাঁর এই সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, সকালে রাজধানীর গুলশান থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।
বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি—পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু, সিটি করপোরেশন বাস্তবায়ন, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন, করতোয়া নদী পুনরুদ্ধার, যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণসহ নানা উন্নয়ন প্রকল্প। এসব দাবির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বগুড়া বিভাগ ঘোষণা, নতুন যমুনা সেতু, টেলিভিশন কেন্দ্র ও এলপিজি গ্যাস ডিপো স্থাপনের দাবি।

আজকের সফরে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করতে পারেন বলে জানা গেছে। এছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রম, হাম-রুবেলা টিকাদান, খাল খনন, আদালতের নতুন ভবন, প্রেস ক্লাব ও মসজিদের ভবন উদ্বোধনসহ একাধিক উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন তিনি। পরে আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দীর্ঘদিন ধরে বগুড়া বড় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। তাই জেলার সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে এবার বড় উন্নয়ন উদ্যোগের প্রত্যাশা করছেন সবাই।





































