
ফাইল ছবি
কিশোরগঞ্জ ও রংপুর জেলার পুলিশ সুপারসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে, কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে।

রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে, রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হককে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবারও বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার।
বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা হলেন: শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে বদলি করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার হিসেবে।
এ ছাড়া পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের নতুন পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআই-এর পুলিশ সুপার হিসেবে এবং কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।







































