
গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬
স্পেনের বার্সেলোনায় মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সামুদ্রিক খাদ্যভিত্তিক প্রদর্শনী ‘গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬’। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে আকর্ষণীয় প্যাভিলিয়ন নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ।
বার্সেলোনার ফিরা প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় দেশের স্বনামধন্য আটটি প্রতিষ্ঠান তাদের সামুদ্রিক পণ্যের পসরা সাজিয়েছে।
বাংলাদেশ প্যাভিলিয়নটি যৌথভাবে আয়োজন করেছে ইপিবি এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। উদ্বোধনকালে তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামুদ্রিক খাদ্য খাতের ব্র্যান্ডিং আরও সুদৃঢ় হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় বাংলাদেশের উচ্চমানের ও টেকসইভাবে আহরিত বিভিন্ন সামুদ্রিক পণ্য প্রদর্শিত হচ্ছে, যা ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।
এই মেলার মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বিশ্ববাজারে বাংলাদেশের সিফুড রপ্তানি কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আয়োজকরা মনে করছেন। প্রদর্শনীটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প











































