বুধবার । এপ্রিল ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২২ এপ্রিল ২০২৬, ৭:২২ অপরাহ্ন
শেয়ার

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে


Tonu

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

বুধবার বিকেলে কুমিল্লার আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোমিনুল হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ এপ্রিল মামলার তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। তদন্তের স্বার্থে হাফিজুর রহমানের সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তনুর ভাই মো. রুবেল বলেন, দীর্ঘ ১০ বছর পর একজনকে গ্রেপ্তারের খবর পরিবারকে নতুন আশা দেখাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এবার বোন হত্যার রহস্য উদঘাটিত হবে।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তার বাবা ইয়ার হোসেন।

মামলাটি থানা-পুলিশ, ডিবি ও সিআইডি তদন্ত করলেও দীর্ঘদিন কোনো অগ্রগতি হয়নি। পরে ২০২০ সালে মামলার নথি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে পিবিআই ঢাকা সদর দপ্তর।