
ছবি: সংগৃহীত
ঝিনাইদহে শহর থেকে পেট্রল কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ হোসেন (১৭) এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদ (১৭)। তারা দুজন বন্ধু ও প্রতিবেশী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আরিফ ও সোহান মোটরসাইকেলে করে শহরের একটি ফিলিং স্টেশন থেকে পেট্রল নিয়ে নিজ গ্রাম বিজয়পুরের দিকে ফিরছিল। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি একটি মাহিন্দ্রার সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। ঠিক ওই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে আরাপপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুই কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মাহিন্দ্রার সঙ্গে ধাক্কা লাগে এবং মুহূর্তেই আরোহীরা ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।






































