বৃহস্পতিবার । এপ্রিল ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৩ এপ্রিল ২০২৬, ৬:০২ অপরাহ্ন
শেয়ার

র‍্যাংকনের ২৫ শতাংশ শেয়ার কিনল মিতসুবিশি


mitsubisi

বাংলাদেশের অটোমোবাইল শিল্পে নতুন এক মাইলফলক উন্মোচিত হলো। জাপানের বিশ্বখ্যাত মিতসুবিশি করপোরেশন স্থানীয় প্রতিষ্ঠান র‍্যাংকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (র‍্যাইল) ২৫ শতাংশ শেয়ার ক্রয়ের জন্য কৌশলগত চুক্তি সই করেছে।  এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের কোনো স্থানীয় অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিয়ে এল মিতসুবিশি।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বর্তমান সরকারের মেয়াদে প্রথম বড় ধরনের এফডিআই, যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বাজার সম্পর্কে ইতিবাচক বার্তা দেবে। মিতসুবিশির এই বিনিয়োগের ফলে দেশে কেবল গাড়ি সংযোজন নয়, বরং পূর্ণাঙ্গ উৎপাদনের পথ প্রশস্ত হবে।

র‍্যাংকন হোল্ডিংসের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী এই চুক্তিকে ঐতিহাসিক অভিহিত করে বলেন, এর ফলে প্রযুক্তির হস্তান্তর ঘটবে এবং গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে মানসম্মত গাড়ি ও যন্ত্রাংশ পাবেন।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত র‍্যাংকন অটো গত বছর থেকে স্থানীয়ভাবে ‘মিতসুবিশি এক্সপ্যান্ডার’ উৎপাদন শুরু করেছে, যা বর্তমানে দেশের জনপ্রিয় ফ্যামিলি এসইউভি।