
ছবি: সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গে মারা গেছেন ১৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১৫ জন। আর ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১৭২ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৩১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন।
পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং টিকাদান কর্মসূচি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।





































