শনিবার । এপ্রিল ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম—একটি টিকিটই ২৭ কোটি টাকা!


Fifa

যুক্তরাষ্ট্রের মেটলােইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল

এবারের বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখার স্বপ্ন দেখছেন? তাহলে প্রস্তুত থাকুন চমকে যাওয়ার জন্য।

ধরুন, আপনারা চার বন্ধু একসঙ্গে স্টেডিয়ামে বসে ফাইনাল দেখবেন। তাহলে পাশাপাশি বসতে প্রতিটি টিকিটের জন্য আকাশ ছোঁয়া দাম দিতে হবে।

যুক্তরাষ্ট্রের মেটলােইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের এরকম কিছু টিকিট এখন রিসেল মার্কেটে বিক্রি হচ্ছে—প্রতিটি টিকিটের দাম প্রায় ২২ লাখ ৯৯ হাজার ৯৯৮ ডলার! অর্থাৎ টাকায় অংকটা ২৭ কোটির বেশি।

এই টিকিটগুলো স্টেডিয়ামের নিচের দিকের গ্যালারির উপরের অংশে, গোলপোস্টের ঠিক পেছনে অবস্থিত। যদিও খুব সামনে নয়, তবুও দাম শুনলে অবাক হতেই হয়।

এই টিকিটগুলো বিক্রি হচ্ছে ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে। এখানে টিকিটধারীরা নিজেরাই দাম নির্ধারণ করতে পারেন। তবে ফিফা প্রতিটি লেনদেন থেকে ক্রেতা ও বিক্রেতা—দুই পক্ষ থেকেই ১৫% করে কমিশন নেয়। সংস্থাটি বলছে, এই প্ল্যাটফর্ম নিরাপদ ও স্বচ্ছভাবে টিকিট কেনাবেচার সুযোগ দেয়।

বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের রিসেল টিকিটও প্রায় ১১ হাজার ডলার। হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য নির্ধারিত টিকিটের দাম প্রায় ১৫ হাজার ডলার। অন্যদিকে, ফিফা গত সপ্তাহে সরাসরি বিক্রির জন্য কিছু টিকিট ছাড়ে, যার দাম ছিল প্রায় ১০,৯৯০ ডলার।

ফিফা বলছে, টিকিটের দাম নির্ধারণ করা হয় চাহিদার ভিত্তিতে। তবে তারা দাবি করেছে, কম দামের টিকিটও রাখা হয়েছে—প্রতিটি ম্যাচে অন্তত ১,০০০টি টিকিট ৬০ ডলারে দেওয়া হয়েছে অংশগ্রহণকারী দলের মাধ্যমে।

তবে বাস্তবে ফাইনালের টিকিটের এই আকাশছোঁয়া দাম নিয়ে সমালোচনা বাড়ছে। কারণ, এই বিশ্বকাপকে আগে ‘সবচেয়ে সাশ্রয়ী’ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল