সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৬ এপ্রিল ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

বিএনপি নেতার হাতে মারধরের শিকার সেই শিক্ষিকা বরখাস্ত


rajshahi

ভিডিও থেকে সংগৃহীত ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে বিএনপি নেতার হাতে জুতাপেটার শিকার হওয়া সেই নারী শিক্ষক আলেয়া খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ পরিদর্শন শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চলের পরিচালক মোহা. আসাদুজ্জামান এই নির্দেশ দেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে আলেয়া খাতুন ও কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ দাওকান্দি সরকারি কলেজ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। বর্তমান অধ্যক্ষ আব্দুর রাজ্জাক চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত বৃহস্পতিবার সাবেক এক পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ১০-১২ জন বিএনপি নেতা-কর্মী কলেজে ঢুকে অধ্যক্ষের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন।

এ সময় শিক্ষিকা আলেয়া খাতুন প্রতিবাদ করলে বিএনপি কর্মী শাহাদত আলী তাকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর প্রতিবাদে শিক্ষক আলেয়া একটি চড় মারলে শাহাদত পা থেকে স্যান্ডেল খুলে তাকে সবার সামনে পেটাতে শুরু করেন। পরবর্তীতে বহিরাগতরা এসে দফায় দফায় অধ্যক্ষ ও ওই নারী শিক্ষককে মারধর এবং কার্যালয় ভাঙচুর করে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চলের পরিচালক মোহা. আসাদুজ্জামান জানান, তদন্তের স্বার্থে এবং উদ্ভূত পরিস্থিতিতে আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এই বিষয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের জবাব ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহাদত আলীকে খুঁজছে পুলিশ। জানা গেছে, তার বিরুদ্ধে আগে থেকেই একটি গ্রেফতারি পরোয়ানা ছিল। জুতাপেটার শিকার আলেয়া খাতুন বর্তমানে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানিয়েছেন, সুস্থ হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে, ঘটনার দিন মারধর ও মোবাইল ফোন পুড়িয়ে দেওয়ার শিকার হওয়া অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বর্তমানে আত্মগোপনে রয়েছেন এবং তার সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।