
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক) হিসেবে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
অধ্যাপক নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট বিশেষ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী অস্থির সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব সামলান। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। এ দর্শনের লক্ষ্য হলো—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়টির পাঁচটি পৃথক স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারভিত্তিক শিক্ষা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। এছাড়া উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগের কার্যক্রম চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয় এবং এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চূড়ান্ত অনুমোদন পায় গ্রামীণ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং বোর্ড সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন।












































