
ফাইল ছবি
দেশের প্রবাসী আয়ে বইছে সুবাতাস। চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৯২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি। এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড।
এছাড়া গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা গত বছরের শেষ দিক থেকেই লক্ষ্য করা যাচ্ছে। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে স্বীকৃত। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ ও ব্যাংকিং চ্যানেলে আধুনিকায়নের ফলে রেমিট্যান্সের এই জোয়ার অব্যাহত রয়েছে।






































