
ফাইল ছবি
সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে একযোগে ২৯টি নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) দলটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি দেওয়া হয়েছে। মেডিকেল কলেজগুলোর মধ্যে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে নতুন আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।
সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে পরিচিত ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—এই চারটি ইউনিটেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর এবং নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। কুমিল্লা মহানগরে ঘোষণা করা হয়েছে আংশিক পূর্ণাঙ্গ কমিটি।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গতিশীলতা বাড়ানো এবং আগামীর আন্দোলন-সংগ্রামে নেতৃত্বকে আরও শক্তিশালী করতেই এই ব্যাপক রদবদল করা হয়েছে। নবগঠিত এসব কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তাদের অধীনস্থ ইউনিটগুলো গুছিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।













































