
তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে গ্ল্যামার আর ফিটনেসের প্রতীক হয়ে আছেন মালাইকা অরোরা। ‘ছঁইয়া ছঁইয়া’ থেকে ‘মুন্নি’—একাধিক জনপ্রিয় আইটেম গানে নিজের আবেদনময় উপস্থিতিতে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। ৫০ পেরিয়েও তাঁর ফিটনেস ও সৌন্দর্য এখনো আলোচনার কেন্দ্রবিন্দু।
সম্প্রতি দ্য রাইট অ্যাঙ্গেল শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে বয়স ও সৌন্দর্য নিয়ে খোলামেলা কথা বলেন মালাইকা। তিনি জানান, একসময় বয়স নিয়ে ভাবলেও এখন আর তা তাঁকে প্রভাবিত করে না। নিজের পছন্দের কাজ করে জীবন উপভোগ করাকেই তিনি সবচেয়ে গুরুত্ব দেন। তাঁর ভাষায়, জীবনের সবচেয়ে সুখী সময় এখনই উপভোগ করছেন এবং সামনে আরও অনেক কিছু করার ইচ্ছা রয়েছে।
সমাজে নারীদের বয়স নিয়ে বাড়তি প্রশ্ন তোলার প্রবণতারও সমালোচনা করেন এই অভিনেত্রী। তাঁর মতে, নারীদের যেমন বয়স নিয়ে প্রশ্ন করা হয়, পুরুষদের ক্ষেত্রে তা খুব কমই দেখা যায়—যা স্পষ্ট বৈষম্য।
মালাইকার মতে, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়; মানসিক ও আবেগিক দিকও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন নিজের মতো করে বাঁচা, নিজের ও পরিবারের জন্য অনুপ্রেরণা হওয়াকেই তিনি জীবনের আসল সাফল্য হিসেবে দেখেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস












































