
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘শাহরুখ আমার ক্যারিয়ারের বড় অংশ জুড়ে আছে
বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৬-এ প্রথমবার অংশ নিয়েছেন বলিউড নির্মাতা করণ জোহর। আর সেখানে তিনি শাহরুখ খানকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আজ আমি এখানে দাঁড়িয়ে আছি তারই কারণে।’
মঙ্গলবার (৫ মে) নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত এই অনুষ্ঠানে করণ জোহর ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি একটি বিশেষ পোশাকে রেড কার্পেটে হাঁটেন। রাজা রবি বর্মার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত এই পোশাকে ছিল ঐতিহ্য ও আধুনিকতার মিশেল।
উল্লেখ্য, ২০২৫ সালে শাহরুখ খান মেট গালায় অভিষেক করেছিলেন। এ বছর তিনি উপস্থিত না থাকলেও করণ জোহর তাকে স্মরণ করে বলেন, তার ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘শাহরুখ আমার ক্যারিয়ারের বড় অংশ জুড়ে আছে। আমার প্রথম পাঁচটি সিনেমা তার সঙ্গে। তিনি গত বছর এখানে এসেছেন, আর আমি এ বছর—এটা যেন জীবনের একটি পূর্ণ চক্র।’
এসময় পরিচালক আদিত্য চোপড়াকে নিয়েও মন্তব্য করেন করণ জোহর। তিনি বলেন, তার জীবনের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন শাহরুখ খান ও পরিচালক আদিত্য চোপড়া। তাদের সমর্থনই তার ক্যারিয়ারের ভিত্তি গড়ে দেয়।
মেট গালার পোশাক প্রসঙ্গে করণ বলেন, ফ্যাশন সবসময়ই তার সিনেমার গুরুত্বপূর্ণ অংশ ছিল। ভারতের সংস্কৃতি ও শিল্পকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে পেরে তিনি গর্বিত।










































