বৃহস্পতিবার । মে ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৭ মে ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন
শেয়ার

নির্বাচনে জয় নিয়ে অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয়


Vijoy

২০২৬ সালের নির্বাচনে বড় সাফল্যের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি স্বচ্ছতা, যুবশক্তির ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজয় বলেন, দল গঠনের পর থেকেই তামিলাগা ভেত্রি কাজগাম নানা সমালোচনা ও উপহাসের মুখে পড়েছিল। তবে মানুষের সমর্থন নিয়েই তারা সাহসের সঙ্গে নির্বাচনী লড়াই চালিয়ে গেছে। তিনি দাবি করেন, এই নির্বাচন ভারতীয় রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এবং তাদের বলা ‘অলৌকিক নির্বাচন’ বাস্তবে পরিণত হয়েছে।

বিজয় আরও অভিযোগ করেন, নিরপেক্ষতার আড়ালে অনেক সময় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তারপরও তামিলনাড়ুর মানুষ সবসময় তাদের পাশে থেকেছেন। তাঁর ভাষায়, মানুষের ঋণ শোধ করতেই রাজনীতিতে এসেছেন তারা।

নির্বাচনে বড় জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের বিপরীতে তামিলাগা ভেত্রি কাজগাম পেয়েছে ১০৮টি আসন। ফলে সরকার গঠনে এখন জোটের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রাজনৈতিক মহলে সম্ভাব্য মিত্র হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পাট্টালি মাক্কাল কাচ্চি ও বামপন্থী দলগুলোর নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেত্রী খুশবু সুন্দর বিজয়কে এনডিএ জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন নজর থাকবে সরকার গঠনে বিজয় কোন কৌশল বেছে নেন।