রবিবার । মে ১০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১০ মে ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯


lebanon

ছবি: সংগৃহীত

লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে চালানো ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ আরও ৩৯ জন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে দফায় দফায় এই হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রোববার (১০ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ শহরে একটি আবাসিক এলাকায় বিমান হামলায় শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন। এছাড়া নাবাতিয়ে এলাকায় একটি মোটরসাইকেল লক্ষ্য করে তিনবার ড্রোন হামলা চালানো হয়েছে। এতে একজন সিরীয় নাগরিক নিহত হন এবং তাঁর ১২ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়।

লেবানন সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৯৫ জনে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে সাধারণ মানুষের বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গাজার মতো দক্ষিণ লেবাননের অনেক গ্রামও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই নির্বিচার ধ্বংসলীলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমানে দক্ষিণ লেবাননের সীমান্ত বরাবর প্রায় ১০ কিলোমিটার ভূখণ্ড ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে।

পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।