
পাকিস্তানের মানচিত্র
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চৌকিতে গাড়ি বোমা হামলা এবং পরবর্তী তীব্র গোলাগুলিতে অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
শনিবার গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে।
‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ নামে সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান পুলিশের এক কর্মকর্তা জাহিদ খান অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, এক আত্মঘাতী হামলাকারী ও কয়েকজন সশস্ত্র ব্যক্তি বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণের মধ্যেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিস্ফোরণের তীব্রতায় পুলিশ পোস্টটি ধসে পড়ে।
হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, পুলিশ পোস্টটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ইট-পাথর, পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ এবং দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহন।
রয়টার্সের খবরে বলা হয়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সহায়তায় যাওয়া পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে পুলিশ পোস্টে আঘাত হানে। এরপর তারা ভেতরে প্রবেশ করে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে।










































