সোমবার । মে ১১, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১১ মে ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ন
শেয়ার

সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার


Saudi Arab police arresting

ফাইল ছবি

সৌদি আরবে গত এক সপ্তাহে পরিচালিত বিশেষ অভিযানে ১১ হাজার ১৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। রোববার (১০ মে) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে দেশজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ১৫৩ জন আবাসিক আইন, ৩ হাজার ৬১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৪০৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

অভিযানে অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগে ১৯ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৪১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ৩৬ শতাংশ ইয়েমেনি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের একটি বড় অংশকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হচ্ছে।

দেশটির সরকার বলছে, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতেই নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।