
ছবি: সংগৃহীত
আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্পের অংশ হিসেবে খেলতে নেমে স্থানীয় ক্লাব কাসেম বন্ডিত এফসিকে (কেবিইউ) ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
আগামী ২৫ মে থেকে ৫ জুন অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার মাঠে নামবে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। তাই আসরটিকে ঘিরে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
থাইল্যান্ডে টানা অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচেও নিজেদের ঝালিয়ে নিচ্ছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাসহ দলের খেলোয়াড়রা। তিন দিনের নিবিড় অনুশীলনের পর কাসেম বন্ডিত এফসির বিপক্ষে ক্লোজড-ডোর ম্যাচে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
সাফজয়ী কোচ পিটার বাটলার প্রস্তুতির শুরু থেকেই মিডফিল্ড ও ডিফেন্সের সমন্বয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। তার পরিচিত হাই-লাইন ডিফেন্স কৌশল আরও কার্যকর করতে খেলোয়াড়দের নিয়ে আলাদা পরিকল্পনায় কাজ করছেন এই ইংলিশ কোচ। পাশাপাশি ফিনিশিং ও সেট-পিস নিয়েও বিশেষ অনুশীলন করানো হচ্ছে।
আগামী ১৩ মে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এরপর ২১ মে থাইল্যান্ড থেকে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতের গোয়ায় যাবে দলটি।
এবারের নারী সাফে অংশ নিচ্ছে ৬টি দল। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মুখোমুখি হবে সাবিনা-ঋতুপর্ণারা। আগামী ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১ মে ভারতের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।











































