শনিবার । মে ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৬ মে ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টরের পদত্যাগ দাবিতে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের রাতভর অবস্থান


JU-Demo-Students

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসনের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে আটক করতে না পারায় বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শুক্রবার গভীর রাতে তারা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, নারী নিরাপত্তা জোরদার, কুইক রেসপন্স টিমে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ এবং হেনস্তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গত মঙ্গলবার রাতে পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।

রাত আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। উপাচার্য বলেন, বহিরাগত কারও অপরাধ ফৌজদারি বিষয় হওয়ায় সেটি পুলিশের আওতাধীন। তবে প্রক্টরিয়াল বডির কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

তবে শিক্ষার্থীরা সেই আশ্বাস প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।