
২৯৩টি আসনের মধ্যে টিএমসি পেয়েছে মাত্র ৮০টি আসন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর এবার দল পুনর্গঠনের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একই সঙ্গে দল ছাড়তে ইচ্ছুক নেতাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলেছেন, যারা যেতে চান, তারা চলে যেতে পারেন।
দলীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (১৫ মে) কলকাতার কালীঘাটের বাসভবনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা টিএমসি প্রার্থীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন মমতা ব্যানার্জী। বৈঠকে উপস্থিত ছিলেন দলের জাতীয় সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জী।
সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিন দফা ক্ষমতায় থাকার পর বিজেপির কাছে বড় ব্যবধানে হেরে যায় টিএমসি। নির্বাচন কমিশনের ঘোষিত ২৯৩টি আসনের মধ্যে টিএমসি পেয়েছে মাত্র ৮০টি আসন, যেখানে আগের নির্বাচনে দলটির আসন সংখ্যা ছিল ২১৫।
মমতা ব্যানার্জী নিজেও তার আসন দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন। দলের একাধিক হেভিওয়েট নেতা ও মন্ত্রীও হেরে গেছেন।
বৈঠকে মমতা বলেন, ‘যারা অন্য দলে যাচ্ছে, যেতে দিন। আমি আবার নতুন করে দল গড়ে তুলব। যারা থাকবেন, তারা ভাঙা পার্টি অফিসগুলো মেরামত করুন, রং করুন এবং আবার খুলুন। দরকার হলে আমিও রং করব। তৃণমূল কংগ্রেস কখনও মাথা নত করবে না। মানুষের রায় লুট করা হয়েছে।’
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের ভেতরে অসন্তোষ ও দলত্যাগের জল্পনা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে কালীঘাটের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগেও ফল ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে মমতা বলেছিলেন, ‘আমি জানি অনেকেই অন্য দলে চলে যেতে পারেন। তাদের নিজস্ব কারণ থাকতে পারে। আমি কাউকে জোর করে আটকে রাখায় বিশ্বাস করি না।’
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল





































