
ঈদের সিনেমা বাজারে নতুন উন্মাদনা তৈরি করল ‘বনলতা সেন’
না এ কোন যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোন পথ নেই! কে থাকে সেই ঘরে?’— এমন এক রহস্যময়ী সংলাপের পোস্টার প্রকাশ করে ঈদের সিনেমা বাজারে নতুন উন্মাদনা তৈরি করল ‘বনলতা সেন’। পোস্টার প্রকাশের মাধ্যমে আসন্ন ঈদে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পরিচালক ও কুশলীরা।
খ্যাতিমান নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ২০২০ সালের শেষভাগে তাঁর বহুল প্রশংসিত প্রথম সিনেমা ‘উনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেয়েছিল।
২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি গত ১২ এপ্রিল সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতিপত্র (সেন্সর) পেয়েছে। রূপসা ও নাটোরের পটভূমিতে জীবনানন্দ দাশের বিখ্যাত ‘বনলতা সেন’ কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি বানিয়েছেন পরিচালক।
বিশ্বসাহিত্যের অন্যতম সেরা এই কবিকে শ্রদ্ধা জানিয়ে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “দুই বাংলার কবি হিসেবে জীবনানন্দ দাশ সমাদৃত। আমার মতে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এডগার অ্যালান পো কিংবা টি এস এলিয়টের থেকে তিনি কোনো অংশে কম নন। এত দিনে গোটা বিশ্বের তাঁকে জানা উচিত ছিল। আমি এই চলচ্চিত্রের মাধ্যমে বিস্ময়কর এই কবিকে ট্রিবিউট করার সুযোগ পেয়েছি। গল্পের খাতিরে কোনো আপস করিনি, তাই শুটিং শেষ করতে প্রায় আট মাস সময় লেগেছে।”
‘আয়নাবাজি’ ও শাকিব খানের বিপরীতে ‘তুফান’ খ্যাত জনপ্রিয় তারকা মাসুমা রহমান নাবিলার ক্যারিয়ারের চতুর্থ চলচ্চিত্র এটি। তবে ছবিতে নামভূমিকায় তাঁর অভিনয় করার গল্পটি বেশ চমকপ্রদ।
শুরুর অভিজ্ঞতার কথা জানিয়ে নাবিলা বলেন, “উজ্জ্বল ভাই প্রথমে আমাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পুরো চিত্রনাট্য পড়ার পর আমি এর প্রেমে পড়ে যাই। পুরো গল্পটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি ওনাকে সুন্দর করে বললাম, আপনি যদি আমাকে ‘বনলতা সেন’ চরিত্রটি করতে বলতেন, তবে এককথায় রাজি হয়ে যেতাম। এরপর অনেক দিন পর তিনি আমাকে আবার ডাকেন। টানা তিনবার অডিশন দেওয়ার পর আমি এই চরিত্রের জন্য চূড়ান্ত হই।’
পরিচালকের কাজের প্রশংসা করে নাবিলা আরও বলেন, ‘উজ্জ্বল ভাই অনেক বড় ক্যানভাসে কাজ করেন। তাঁর সিনেমা হচ্ছে একটি জীবন্ত কবিতার মতো। দর্শক পর্দায় দেখার পর এই নান্দনিকতা বুঝতে পারবেন।’
ছবিতে নাবিলা ছাড়া অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের দাপুটে অভিনেতা খাইরুল বাসার, সোহেল মণ্ডল, প্রিয়ন্তি ঊর্বী, রূপন্তি আকিদ, ময়মুনা মম এবং শরিফ সিরাজসহ আরও অনেকে।










































