
মৌনী রায়
দুই সপ্তাহ ধরে চলা দাম্পত্য ভাঙনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের কথা স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার। যৌথ বিবৃতিতে চার বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারা।
বিচ্ছেদের খবর প্রকাশের পর নতুন করে ভাইরাল হয়েছে মৌনীর একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে প্রেম ও বিয়ে নিয়ে নিজের আবেগঘন অনুভূতির কথা জানিয়েছিলেন অভিনেত্রী। সহ-অভিনেতা নবীন কস্তুরিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাত্র ১৯ বছর বয়সেই বিয়ের স্বপ্নে বিভোর হয়ে পড়েছিলেন। তার বিশ্বাস ছিল, জীবনে একজন সঠিক মানুষ পাশে থাকলে নিরাপত্তা ও ভিন্ন এক অনুভূতি তৈরি হয়।
তবে বাস্তবে সেই মানুষটিকে খুঁজে পাওয়া সহজ নয় বলেও জানান মৌনী। বন্ধুদের সম্পর্ক ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন, ভালো সম্পর্কের জন্য সময় ও ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিনেত্রীর ভাষায়, “সঠিক মানুষকে খুঁজে পেতে প্রায় আড়াই থেকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল। অনেক সময় মানুষ খোঁজা বন্ধ করে দিলেই হয়তো জীবনের কাঙ্ক্ষিত মানুষ সামনে এসে দাঁড়ায়।”
এদিকে বিচ্ছেদ নিয়ে দেওয়া যৌথ বিবৃতিতে মৌনী ও সুরজ জানান, পারস্পরিক সম্মান বজায় রেখেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে কঠিন এই সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন সংবাদমাধ্যম ও ভক্তদের প্রতি।
উল্লেখ্য, ২০১৮ সালে দুবাইয়ে প্রথম পরিচয় হয় মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের। পরে ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় মালায়ালি ও বাঙালি রীতিতে বিয়ে করেন তারা। চলতি মাসেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
কাজের ক্ষেত্রে, মৌনীকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য ভূতনি’ ধারাবাহিকে। শিগগিরই তিনি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ও ‘দ্য ওয়াইভস’ অভিনয় করবেন।












































