
এই অংশীদারিত্বের আওতায় অভিজ্ঞতা বিনিময়, অনলাইন শিক্ষা কার্যক্রম, বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে
আধুনিক হৃদরোগ চিকিৎসা ও কার্ডিয়াক সার্জারিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ‘মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি’ শীর্ষক একটি Continuing Medical Education (CME) সেশনের আয়োজন করেছে ইউনিকো হাসপাতাল। একই অনুষ্ঠানে আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি।
ইউনিকো হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আধুনিক কার্ডিয়াক সার্জারির উন্নত প্রযুক্তি, চিকিৎসা পদ্ধতি এবং মিনিমালি ইনভেসিভ হার্ট কেয়ার সম্পর্কে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা।
সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিকো হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের প্রফেসর ডা. মোঃ ফাইজুস সাজ্জাদ। তিনি মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারির সর্বাধুনিক অগ্রগতি তুলে ধরে বলেন, এই প্রযুক্তির মাধ্যমে অপারেশনজনিত আঘাত, অস্ত্রোপচারের পর ব্যথা এবং হাসপাতালে থাকার সময় কমানোর পাশাপাশি রোগীর সার্বিক সুস্থতা ও চিকিৎসা ফলাফল উন্নত করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক সার্জন প্রফেসর থিওডোরোস কোফিদিস। তিনি আধুনিক মিনিমালি ইনভেসিভ ও এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি, বিশেষ করে ভালভ রিপেয়ার ও বাইপাস সার্জারি বিষয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর-এর চিফ অপারেটিং অফিসার ইয়ং ইয়িহ মিং। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে চিকিৎসা শিক্ষা ও ক্লিনিক্যাল সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারির গুরুত্ব দিন দিন বাড়ছে। রোগীর দ্রুত সুস্থতা, কম অপারেশনজনিত জটিলতা এবং উন্নত চিকিৎসা ফলাফল নিশ্চিত করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি উন্নত কার্ডিয়াক সেবা সহজলভ্য করতে ধারাবাহিক চিকিৎসা শিক্ষা, সচেতনতা কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে ইউনিকো হাসপাতাল ও আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর-এর মধ্যে ক্লিনিক্যাল সহযোগিতা আরও জোরদার হবে বলে জানানো হয়। এই অংশীদারিত্বের আওতায় অভিজ্ঞতা বিনিময়, অনলাইন শিক্ষা কার্যক্রম, বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবাকর্মীদের জন্য চিকিৎসা পদ্ধতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি করা হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. সিমিন এম. আখতার, প্রফেসর ডা. সৈয়দ আতিকুল হক এবং প্রফেসর ডা. বরেন চক্রবর্তী। এছাড়াও ছিলেন ইউনিকো হাসপাতালের সিইও আরদ্রা কুরিয়েন, বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও চিকিৎসক এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।







































