
এক দশক পর পরিচালনায় পিটার জ্যাকসন, ফিরছে ‘টিনটিন ২’
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কমিকস ও সিনেমা প্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রূপালী পর্দায় ফিরছে ‘টিনটিন’। এবারের কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ সম্মানসূচক পাম দ’অর লাভ করার পর এক জমকালো অনুষ্ঠানে এই মেগা ঘোষণা দেন বিশ্ববিখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন।
বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়েলের নাম রাখা হয়েছে ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন ২’। এই সিনেমা নির্মাণের মধ্যদিয়ে প্রায় এক দশক পর আবারও চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত এই অস্কারজয়ী পরিচালক। বড় পর্দার এই নতুন অভিযানকে নিখুঁত রূপ দিতে ইতিমধ্যেই নিজের স্ত্রী ফ্রান ওয়ালশের সঙ্গে মিলে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ পুরোদমে শুরু করে দিয়েছেন পিটার জ্যাকসন।
নতুন এই সিক্যুয়েল নির্মাণ প্রসঙ্গে নির্মাতা জানান, হলিউডের আরেক কিংবদন্তি স্টিভেন স্পিলবার্গের সঙ্গে তাঁর একটি বিশেষ প্রযোজনা ও নির্মাণবিষয়ক চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী, ২০১১ সালে মুক্তি পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন স্পিলবার্গ এবং সেটি প্রযোজনার দায়িত্বে ছিলেন জ্যাকসন। তবে এবারের দ্বিতীয় সিনেমার ক্ষেত্রে চুক্তি অনুযায়ী পরিচালন ও প্রযোজনার ভূমিকায় বড় অদলবদল আসছে।
এবার স্পিলবার্গকে দেখা যাবে মূল প্রযোজকের ভূমিকায় এবং পরিচালকের আসনে বসে পুরো সিনেমাটি সামলাবেন পিটার জ্যাকসন নিজেই। দীর্ঘ সময় পর আবারও চিরচেনা অ্যাকশন আর অ্যাডভেঞ্চারের পরিচালনায় ফেরার অনুভূতি জানিয়ে পিটার বলেন, তিনি আবারও টিনটিনের জাদুকরী জগতে ফিরে যাচ্ছেন এবং পুরো মুহূর্তটি দারুণ উপভোগ করছেন।
যদিও এই হাই-ভোল্টেজ সিক্যুয়েলটির মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। ২০১১ সালে যখন ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’ মুক্তি পেয়েছিল, তখন বিশ্বব্যাপী দর্শকদের মাঝে তা ব্যাপক সাড়া ফেলে। দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য পায় সিনেমাটি এবং বিশ্বব্যাপী প্রায় ৩৭৪ মিলিয়ন ডলার আয় করে নিজেদের জাত চিনিয়েছিল।
এবার পিটার জ্যাকসনের হাত ধরে এক দশক পর টিনটিন ও তার বিশ্বস্ত সঙ্গী স্নোয়ির নতুন অ্যাডভেঞ্চার রূপালী পর্দায় কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার অপেক্ষায় আছেন বিশ্ব চলচ্চিত্রপ্রেমীরা।












































