
কলমি লতা বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারের একটি মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার চেস্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টা ১৪ মিনিটে কলমিলতা বাজারের ওই দুই তলা বিশিষ্ট মার্কেটটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পাওয়ার পরপরই তাদের কর্মীরা তৎপর হন এবং ভোর ৫টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, মার্কেটটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে আরও ইউনিট যুক্ত হয়। শেষ পর্যন্ত মোট ১০টি ইউনিটের যৌথ ও নিরলস প্রচেষ্টায় সকাল ৭টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।















































