বুধবার । মে ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ মে ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার

পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ প্রকল্পও হাতে নেবে সরকার। তার মতে, খাল খনন কর্মসূচি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

বুধবার গাজীপু‌রের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার রোধ, কৃষকের পানি সংকট নিরসন এবং জলসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে নতুন ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাজীপুর এলাকাটিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ ভারসাম্য রক্ষার ওপরও জোর দেন।

তিনি বলেন, খাল ও নদীর সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক রয়েছে—এমন ধারণার ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে তিনি জানান, জনসংখ্যা বৃদ্ধির কারণে বাড়ি-ঘর ও অবকাঠামো সম্প্রসারিত হওয়ায় প্রাকৃতিক জলাধার কমে যাচ্ছে, যা দুর্যোগ ঝুঁকি বাড়াচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ ছাড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী পুকুরে মাছ অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।