
ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কে ঈদের আগের তিনদিন এবং পরের তিনদিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এই নির্দেশনা প্রদান করেন।
আজ বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত দেশের সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
মালিক সমিতির পাঠানো ওই চিঠিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে সব ধরনের ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে যানজট এড়াতে মহাসড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১১ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, রেলপথ মন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রীর যৌথ সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ঈদযাত্রাকে ভোগান্তিমুক্ত করার লক্ষ্যে ওই সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। অর্থাৎ এসব জরুরি যান স্বাভাবিকভাবেই মহাসড়কে চলাচল করতে পারবে।
মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ঈদের আগে-পরের এই নির্দিষ্ট সময়ে যেন কোনোভাবেই ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল না করে, সে ব্যাপারে মাঠপর্যায়ের সমিতির নেতৃবৃন্দকে কঠোর হওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, কোরবানির পশুবাহী বা অন্য কোনো পণ্যবাহী যানবাহনে—বিশেষ করে ঢাকা থেকে পশুখালি করে ফিরে যাওয়ার সময় (ফিরতি যানে) যেন কোনোভাবেই যাত্রী বহন করা না হয়, সে ব্যাপারে কঠোর নজরদারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।









































