
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যচুক্তি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো মতামত নেওয়া হয়নি বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তি করা হয়েছে এবং এ বিষয়ে এনসিপিকে অবগতও করা হয়নি।
মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, দলটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলেও তিনি নিশ্চিত হয়েছেন যে চুক্তির আগে এনসিপির কোনো ‘কনসার্ন’ নেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতা করেই এই চুক্তি সম্পন্ন করেছেন। তার ভাষ্য, চুক্তিটি করার জন্য সরকারকে তিন মাস সময় দেওয়া হলেও এক মাসের মধ্যেই তা সম্পন্ন করা হয়। এতে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে যে, বিএনপি নির্বাচনের আগে দায় এড়াতে এই চুক্তি অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে কি না।
আসিফ মাহমুদ আরও দাবি করেন, প্রকৃতপক্ষে এই বাণিজ্যচুক্তি বিএনপিই করেছে। এখন দলটি বলছে, এটি আগের সরকারের সিদ্ধান্ত হওয়ায় তাদের কিছু করার নেই।
সংবাদ সম্মেলনে ‘কিচেন ক্যাবিনেট’ প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন একটি অনানুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণকারী গ্রুপ ছিল। তবে তিনি নিজে ওই ক্যাবিনেটের সদস্য ছিলেন না বলে জানান।
উল্লেখ্য, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সাত সদস্যের একটি ‘কিচেন ক্যাবিনেট’ থেকেই নেওয়া হতো। তিনি আরও বলেন, প্রতি মঙ্গলবার যমুনায় ওই বৈঠক অনুষ্ঠিত হতো এবং সেখানেই নীতিগত সিদ্ধান্ত নির্ধারণ করা হতো।












































