বৃহস্পতিবার । মে ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ মে ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

ঈদের দিন ৩ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী


tarek

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার দিনে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর দিনের প্রথম কর্মসূচি শুরু হবে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সর্বস্তরের সাধারণ মুসল্লি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদের নামাজ আদায় ও কুশল বিনিময় করবেন।

জাতীয় ঈদগাহে নামাজের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি চলে যাবেন রাজধানীর শেরে বাংলা নগরে। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। জিয়ারতকালে তিনি মরহুম নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। শেরে বাংলা নগরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে ফিরবেন।

ঈদের দিনের শেষ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী দুপুরে ঢাকা সেনানিবাসে যাবেন। সেখানে সশস্ত্র বাহিনী কর্তৃক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।