বৃহস্পতিবার । মে ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ মে ২০২৬, ৯:০১ অপরাহ্ন
শেয়ার

পাচারের শঙ্কা নেই, এবার বেশি চামড়া সংরক্ষণ সম্ভব হবে: বাণিজ্যমন্ত্রী


Commerce-Minister

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়া নিয়ে এবার পাচারের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকারের কঠোর নজরদারির কারণে অধিকাংশ চামড়াই ট্যানারিতে পৌঁছাবে এবং আগের যেকোনো বছরের তুলনায় এবার বেশি চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া কেনাবেচা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের প্রতিটি চামড়া সংগ্রহকেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং জেলা প্রশাসন, বিসিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। ঢাকা ও জেলা শহরগুলোতেও একাধিক টিম দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সময়মতো চামড়ায় লবণ মাখিয়ে সংরক্ষণ করা গেলে এর প্রকৃত মূল্য পাওয়া সম্ভব হবে এবং রপ্তানিযোগ্য মান বজায় থাকবে। সরকার চামড়া খাতকে আরও শক্তিশালী করে বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান বাড়াতে চায়। এজন্য সাভারের সিইটিপি সংকট সমাধান এবং ক্ষতিগ্রস্ত ট্যানারিগুলোকে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, ঈদের দিন বিকেল থেকেই সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকভর্তি কাঁচা চামড়া আসতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত সেখানে ৩৪১টি ট্রাকে মোট ৭৯ হাজার ২১৮টি কাঁচা চামড়া পৌঁছেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৭৫ হাজার ৫১৫টি এবং ছাগল-ভেড়ার চামড়া ৭০৩টি।

বিসিক কর্মকর্তারা জানিয়েছেন, চামড়াবাহী যানবাহনের চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে পরিস্থিতি তদারকি করছেন। ট্যানারিগুলোতে শ্রমিকরা চামড়া গণনা, প্রক্রিয়াজাত ও লবণ দিয়ে সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন।