রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩১ মে ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
শেয়ার

নৌপথে পুরনো ঐতিহ্য ফিরে আসুক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী


rajib

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

নৌপথের হারিয়ে যাওয়া পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে একে সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রধান বাহন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এই লক্ষ্যকে সামনে রেখেই নৌ পরিবহন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

রোববার (৩১ মে) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে রাজিব আহসান বলেন, “আমরা যদি লঞ্চঘাটের পন্টুনগুলোকে আধুনিকায়ন করতে পারি এবং নিয়মিত ড্রেজিং বা নদী খননের মাধ্যমে নদী পথগুলো সবসময় সচল রাখতে পারি, তবে নৌপথের পুরনো ঐতিহ্য অবশ্যই ফিরে আসবে। আর এর সুফল সরাসরি ভোগ করবে দেশের সাধারণ জনগণ।”

শতবছরের পুরনো ঐতিহ্যবাহী স্টিমারগুলোর বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, পুরনো এই স্টিমারগুলো বার বার মেরামত করা হয়েছে। বর্তমানে এগুলোর মধ্যে মাত্র একটি সচল রয়েছে এবং বাকিগুলো নৌপথে চলাচলের জন্য আর উপযোগী অবস্থায় নেই। নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সবসময় মাথায় রাখতে হয় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তবে আমরা বিকল্প উপায়ে চিন্তা-ভাবনা করছি, কীভাবে সেই ঐতিহাসিক স্টিমারগুলোকে অন্য কোনো উপায়ে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সেবার সুযোগ তৈরি করা যায়।”

চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।