
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফের পদ্মা নদীতে পড়ে গেছে ‘এসবি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর বাসের চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে অন্য কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ঘাটে এসে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার ঠিক আগেই বাসটি থেকে যাত্রীদের নামানো হয়েছিল, যার ফলে বড় কোনো বিপত্তি ঘটেনি।
দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং উদ্ধার কার্যক্রমের তদারকি করছেন। বর্তমানে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী দল বাসটি টেনে তোলার কাজ শুরু করেছে।
উল্লেখ্য, দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ২৫ মার্চ ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়েছিল।
ঘাট ও পন্টুনের ঝুঁকিপূর্ণ ব্যবস্থার কারণে ঘটা ওই ভয়াবহ দুর্ঘটনায় নদী থেকে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। আজকের দুর্ঘটনার পর ঘাট এলাকায় সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে নতুন করে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।












































