
ছবি: সংগৃহীত
ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে চালানো এক ভয়াবহ হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি মানুষ।
দুই দেশের মধ্যে চার বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭০৭ জন ইউক্রেনীয় শিশুর মৃত্যু হয়েছে। যুদ্ধে প্রাণ হারানো এই নিষ্পাপ শিশুদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেন পুলিশের প্রেস সার্ভিস জানিয়েছে, দেশটির পূর্বদিকের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার ব্যাপক বোমা ও ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। টেলিগ্রামে পাঠানো এক বার্তায় প্রেস সার্ভিসটি উল্লেখ করেছে যে, দোব্রোপিলিয়া, দ্রুঝকিভকা, ক্রামাতোরস্ক, মিকোলাইভকা, স্লোভিয়ানস্ক শহর এবং ওলেক্সিয়েভো-দ্রুঝকিভকা ও কুরিৎসিনে গ্রামে এই হামলা চালানো হয়। রুশ বাহিনীর এই বর্বর হামলায় ১৬টি আবাসিক ভবনসহ মোট ৪২টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া অন্তত ১৪টি অ্যাপার্টমেন্ট ভবন ও ১১টি গাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোনেৎস্কের পাশাপাশি ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও রুশ বাহিনী তীব্র আক্রমণ চালিয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে চালানো হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন। অন্যদিকে, মধ্য ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ভারী গোলাবর্ষণে অন্তত একজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।
এ ছাড়া দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের কোমিশানি বসতিতে রুশ গোলার আঘাতে একজন এবং উত্তর-পূর্ব ইউক্রেনের শোস্টকা জেলার ইয়াম্পিল গ্রামে অন্তত দুজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা












































