শুক্রবার । জুন ৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৫ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

তামিলনাড়ুতে বিজেপি ছাড়লেন দলটির সাবেক রাজ্য প্রধান


Annamalai

তামিলনাড়ু বিজেপির সাবেক সভাপতি কে. আন্নামালাই (মাঝে)

কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ু বিজেপির সাবেক সভাপতি কে. আন্নামালাই দল থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (৫ জুন) এক বিবৃতিতে বিজেপি জানিয়েছে, দলটির জাতীয় সভাপতি নীতিন নবীন আন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

কে. আন্নামালাই একজন সাবেক আইপিএস কর্মকর্তা। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি দ্রুতই তামিলনাড়ুর রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন এবং পরে রাজ্য বিজেপির নেতৃত্বও পান। তবে গত কয়েকদিন ধরে তিনি দল ছাড়তে পারেন—এমন জোরালো গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনেরই সত্যতা মিলল।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় এক মাস পর তার এই পদত্যাগের ঘটনা ঘটল। নির্বাচনে অভিনেতা ও রাজনীতিক সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে (টিভিকে) প্রথমবারের মতো অংশ নিয়েই রাজ্যের বৃহত্তম দলে পরিণত হয় এবং অভিনেতা বিজয় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।

অন্যদিকে বিজেপি নির্বাচনে হতাশাজনক ফল করে। দলটি মাত্র একটি আসনে জয় পায়, যেখানে আগের নির্বাচনে তাদের চারটি আসন ছিল। তবে ভোটের হার সামান্য বেড়ে ২.৯৭ শতাংশে দাঁড়ায়, যা আগের নির্বাচনে ছিল ২.৬৭ শতাংশ।

আন্নামালাইয়ের পদত্যাগের পর তামিলনাড়ুতে বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব ও তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল