
সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচালিত জরিপে প্রায় ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার রাজধানীর ওয়ারীতে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বাড়ির উঠান, ছাদ, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার না করলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে না। এ কারণে প্রত্যেক বাসিন্দাকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
আব্দুস সালাম আরও বলেন, নগরের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নগর ব্যবস্থাপনা, খেলার মাঠ ও জনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনভাবে নজর রাখছেন।
এ সময় ভবিষ্যতে জনগণের সমর্থনে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
















































