
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার হিসেবে বাইসাইকেল জিতেছে ৯ জন শিশু-কিশোর শিক্ষার্থী। একই সঙ্গে নামাজ আদায়ে নিয়মিত অংশগ্রহণ ও উৎসাহ প্রদর্শনের জন্য আরও ২৯ জন শিশু-কিশোরকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী এই শিশু-কিশোরদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেন আয়োজকরা। নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং তাদের নামাজ ও মসজিদমুখী করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করে আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম। এ সময় সংগঠনের সদস্য মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, মো. রিয়াজ খান, মো. দিপু, ফাহিম বেপারী ও জুনায়েদ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মসজিদের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি এলাকায় যদি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন ছড়িয়ে দেওয়া যায়, তবে আগামী দিনের তরুণ প্রজন্ম সুশৃঙ্খল, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এদিকে এমন ব্যতিক্রমী ও মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে এবং পুরস্কার জিতে শিশু-কিশোরসহ তাদের অভিভাবকরা ব্যাপক আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন এবং যুবসমাজকে সুন্দর পথে রাখতে ভবিষ্যতে এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।













































