শনিবার । জুন ৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৬ জুন ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
শেয়ার

ইরানের নেতৃত্ব অত্যন্ত শক্তিশালী ও অহংকারী: ট্রাম্প


Trump Iran

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্ব অত্যন্ত ‘শক্তিশালী’ ও ‘অহংকারী’ হওয়ায় চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছাতে রাজি হচ্ছে না। তবে শেষ পর্যন্ত তেহরানকে আলোচনার টেবিলে ফিরতেই হবে, কারণ তাদের সামনে অন্য কোনো কার্যকর বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

উইসকনসিনে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, যা তারা আগে কখনো কল্পনাও করেনি। সংঘাতের দ্রুত সমাধান চাওয়া সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন করতে অনেক সময় লাগে এবং এ ধরনের বিষয়ে তাড়াহুড়া করা যায় না।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করে ট্রাম্প দাবি করেন, মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে। যদিও ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়ে গেছে বলে স্বীকার করেন তিনি।

ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ দীর্ঘদিন বহাল নাও থাকতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে ‘অন্য পথ’ বেছে নিতে হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

অন্যদিকে, সাম্প্রতিক হামলার মাধ্যমে ইরান দেখিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা এখনো বিদ্যমান। এ অবস্থায় দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচালিত মার্কিন সামরিক অভিযান শেষ হয়েছে এবং সাম্প্রতিক হামলাগুলো মূলত আত্মরক্ষামূলক পদক্ষেপ ছিল।

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা ও সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অর্থনীতিতে চাপ তৈরি হওয়ায় দ্রুত সমাধানের জন্য ওয়াশিংটনের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপও বাড়ছে।