রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৬ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ ফিরছে রাতে


shafiqul-nahidul

নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম/সংগৃহীত ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার মরদেহ আজ শনিবার (৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে দেশে পৌঁছাবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস সূত্র আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত প্রবাসীরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার কদকতি গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম নাহিদ।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলের একটি ভয়াবহ ড্রোন হামলায় এই দুই রেমিট্যান্সযোদ্ধা নিহত হন। ঘটনার পর থেকে দীর্ঘ দিন তাদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল।

প্রবাসী এই দুই নাগরিকের মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে সার্টিফায়েড পুলিশ রিপোর্ট ও মরদেহ প্রেরণের অনুমতিপত্র গ্রহণসহ সব ধরনের আইনি ও আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৈরুত থেকে বাংলাদেশে পাঠানোর আগে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নিহতদের গোসল ও কাফনকার্যও সম্পন্ন করা হয় বলে দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মরদেহ দুটি বহনকারী কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটি (QR-0427) গত শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বৈরুত বিমানবন্দর ত্যাগ করে। পরবর্তীতে দোহা হয়ে কাতার এয়ারওয়েজের সংযোগকারী বিশেষ ফ্লাইট (QR-0642) যোগে আজ শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি এসে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বিমানবন্দরে এসে পৌঁছানো মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন এবং যথাযথ প্রক্রিয়ায় শোকসন্তপ্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।