বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শেয়ার

সংসদে প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির


shafiqur-rahman

ছবি: সংগৃহীত

সংসদে প্রবাসীদের নানাবিধ সমস্যা ও দুর্দশার কথা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১০ জুন) সংসদ অধিবেশনে প্রবাসীদের সংকটের বিষয়টি আলোচনা করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

সংসদে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি, তারা প্রকৃত যোদ্ধা। দেশের জন্য তাদের যে ত্যাগ, তা অনস্বীকার্য। তাদের যথাযথ সম্মান প্রদর্শন এবং যাবতীয় ভোগান্তি লাঘবে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

জামায়াত আমিরের এই বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় সংসদে বিরল এক দৃশ্য দেখা যায়। বিরোধী দলের নেতার বক্তব্যের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডা. শফিকুর রহমান আজ কোনো নির্দিষ্ট দলের নেতা হিসেবে নয়, বরং একজন জাতীয় নেতা হিসেবে অত্যন্ত হৃদয়স্পর্শী ও গঠনমূলক বক্তব্য রেখেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরাও প্রবাসীদের যোদ্ধা হিসেবেই মূল্যায়ন করি। বিশেষ করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-জনতার পাশাপাশি প্রবাসীরাও অসামান্য ভূমিকা পালন করেছেন। এই আন্দোলনে সমর্থন দিতে গিয়ে অনেক প্রবাসী বিদেশের মাটিতে হয়রানি ও গ্রেপ্তারের শিকার হয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক।’ তিনি জামায়াত আমিরের গঠনমূলক আলোচনার প্রশংসা করে প্রবাসীদের কল্যাণে সরকার বদ্ধপরিকর বলে আশ্বস্ত করেন।

সংসদে প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার এই আলোচনা রাজনৈতিক অঙ্গনেও বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।