বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শেয়ার

সরকারের ১৮০ দিনের মধ্যে ৫ জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালু করা হবে: প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে পাঁচ জেলায় ‘ই-হেলথ কার্ড’ সেবা চালু করা হবে। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দারা ই-হেলথ কার্ডের আওতায় আসবেন। কার্ডটি ইলেকট্রনিক রেফারেল ও পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা আরও সহজ ও আধুনিক হবে।

সংসদে সরকারের ১৮০ দিনের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির অগ্রগতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নারী প্রধানকে ফ্যামিলি কার্ড প্রদানের পাইলট প্রকল্পে ইতোমধ্যে ৬০ হাজারের বেশি পরিবার অন্তর্ভুক্ত হয়েছে। কৃষক কার্ড কর্মসূচির আওতায় ২০ হাজারের বেশি কৃষককে কার্ড দেওয়া হয়েছে এবং শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

এ ছাড়া ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ, শিক্ষাঋণের সীমা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমের অগ্রগতির তথ্যও তুলে ধরেন তিনি।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী নির্ধারিত প্রশ্নের পাশাপাশি সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নেরও জবাব দেন।