
রফিকুল ইসলাম গাজী। সংগৃহীত ছবি
খুলনার লবণচরা থানার মাথাভাঙা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজী। শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি লবণচরা থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, দশগেট এলাকা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার পেটে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।












































