বৃহস্পতিবার । জুন ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ জুন ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
শেয়ার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি আছে


Salauddin parliament

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।। ফাইল ছবি

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দি থাকার তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছেন।

বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সদস্য মো. আবুল হাসনাতের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, ৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭ + মহিলা ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ + মহিলা ২ হাজার ৭৭) জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।

তিনি বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকায় কিছু কিছু কারাগারে বন্দিদের আবাসন সমস্যা বিরাজ করছে। বন্দি আবাসন সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২, পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনঃনির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। উল্লিখিত চারটি কারাগারের নির্মাণ/পুনঃনির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরো ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে সর্বমোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

এছাড়াও রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি কারাগার পুনঃনির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে; যা বাস্তবায়িত হলে ধারণক্ষমতা আরও বাড়বে।