
স্পট-ফিক্সিং ও অর্থপাচারের অভিযোগে তদন্তের মুখে থাকা আইভরি কোস্টের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি শেষ পর্যন্ত কানাডার ভিসা পেয়েছেন। ফলে আগামী শনিবার জার্মানির বিপক্ষে জাতীয় দলের ম্যাচে তার অংশগ্রহণে আর কোনো বাধা থাকছে না। বিষয়টি নিশ্চিত করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ)।
এর আগে চলমান আইনি তদন্তের কারণে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের কানাডায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, শুরুতে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ ভিসা অনুমোদনে অনীহা দেখিয়ে তার বিরুদ্ধে চলমান তদন্ত-সংক্রান্ত অতিরিক্ত নথি চেয়েছিল। পরে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়।
গত মাসে ফ্রান্সের শীর্ষ লিগ ‘লিগ ওয়ান’-এ স্পট-ফিক্সিংয়ের অভিযোগে ওয়াহিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অভিযোগ রয়েছে, মে মাসে নিসের হয়ে মেত্জের বিপক্ষে ম্যাচে তিনি ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেছিলেন। ওই ঘটনার পর বেটিং বাজারে অস্বাভাবিক লেনদেনের তথ্য সামনে আসায় তদন্ত শুরু হয়।
বর্তমানে মার্সেই প্রসিকিউটরের কার্যালয় তার বিরুদ্ধে সংগঠিত জালিয়াতি, ক্রীড়া দুর্নীতি, অপরাধলব্ধ অর্থ গ্রহণ এবং অর্থপাচারের অভিযোগ তদন্ত করছে। তবে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি।
আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে অবহিত নয়। ভিসা জটিলতা কেটে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবেই জাতীয় দলের হয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।












































