
ফাইল ছবি
ডেঙ্গুতে দেশে এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে চলতি মাসে মশাবাহিত এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে, আর চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃত্যু ৯ জনে পৌঁছেছে।
রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। তাদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে।
এর আগে ১ জুন ও ১৬ জুন আরও দুইজনের মৃত্যু হয়, যাদের মধ্যেও একজন ছিলেন নারী।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯৩ জন, বরিশালে ৫৪ জন, খুলনায় ৫২ জন এবং চট্টগ্রামে ১৬ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জুন মাসেই এখন পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ৭০৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জন আক্রান্ত হন।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বলা হলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, মশা নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।






































