বুধবার । জুন ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ জুন ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

রাতে দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা


storm-rain

ফাইল ছবি

দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টি এবং তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী— রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কার কারণে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।